তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২২১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মূসা (আলাইহিস সালাম) ছিলেন অত্যন্ত লজ্জাশীল; তিনি খুবই আবৃত অবস্থায় থাকতেন। লজ্জার কারণে তাঁর শরীরের কোন দৃষ্ট হতো না। এই নিয়ে বনী ইসরাঈলের কিছু লোক তাঁকে কষ্ট দেয়। তারা বলাবলী করে যে, শরীরের কোন দোষের কারণেই তিনি নিজেকে এত ঢেকে রাখেন। হয়ত তাঁর শ্বেতকৃষ্ট আছে, নয়ত একশিরা বা অন্য কোন রোগ আছে। আল্লাহ্ তা’আলা তাদের এই অভিযোগ থেকে তাঁকে নির্দোষ প্রমাণ করতে চাইলেন। মূসা (আলাইহিস সালাম) নির্জন একস্থানে একাকী (গোসলের উদ্দেশ্যে) গেলেন। একটি পাথরের উপর তাঁর কাপড় খুলে রেখে গোসল করলেন। গোসল শেষে কাপড় নেয়ার জন্য সেদিকে অগ্রসর হলেন। কিন্তু পাথরটি তাঁর কাপড়-চোপর নিয়ে দ্রুত ছুটে যেতে লাগল। মূসা (আঃ) তখন তাঁর লাঠি নিয়ে পাথরের পিছনে ছুটলেন এবং বলতে লাগলেনঃ হে পাথর, আমার কাপড়! হে পাথর, আমার কাপড়! অবশেষে বানূ ইসরাঈলের এক সমাবেশে গিয়ে পৌঁছলেন। তখন তারা তাঁকে বিবস্ত্র অবস্থায় লোকদের মধ্যে সুন্দরতম গঠনের এবং তারা যা বলত তা থেকে দোষমুক্ত দেখতে পেল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পাথরটি থেমে গেল; তিনি তাঁর কাপড় নিয়ে পরিধান করলেন এবং লাঠি দিয়ে পাথরকে আঘাত করতে লাগলেন। আল্লাহর কসম, পাথরটিতে তাঁর লাঠির আঘাতের তিনটি বা চারটি বা পাঁচটি দাগ পড়ে যায়। এই প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা ইরশাদ করেনঃ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا হে মু’মিনগণ, মূসাকে যারা পীড়া দিয়েছে তোমরা তাদের মত হয়ো না। তারা যা রটনা করেছিল আল্লাহ্ তা’আলা তা থেকে তাঁকে নির্দোষ প্রমাণিত করেন। আল্লাহর নিকট মর্যাদাবান ছিলেন (সূরা আহযাব ৩৩ঃ ৬৯)।