Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩১৬

প্রায় ২ মিনিট · ২৯৫ শব্দ

তিনি বলেনঃ কারো যদি এত পরিমান সম্পদ থাকে যে যদ্বারা সে তার বায়তুল্লাহ হজ্জ করতে পারে বা তার উপর যাকাত ফরয হতে পারে, আর যদি সে তা না করে, তবে মৃত্যুর সময় সে দুনিয়ায় ফিরে আসতে চাইবে। জনৈক ব্যক্তি বললঃ হে ইবন আব্বাস! আল্লাহকে ভয় করুন, দুনিয়ায় তো কাফিররা ফিরে আসতে চাইবে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেনঃ এ বিষয়ে আমি তোমাদের কে একটি আয়াত তেলাওয়াত করে শুনাচ্ছিঃ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ إِلَى قَوْلِهِ : واللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ হে মুমিনগণ! তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্তুতি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যে রিযিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই অন্যথায় মৃত্যুতে সে বলবেঃ হে আমার রব আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সদকা দিতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত হবে, আল্লাহ কখনও কাউকে অবকাশ দিবেন না। তোমরা যা কর আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। (সূরা মুনাফিকুন ৬৩ঃ ৯-১১) লোকটি বললঃ কিসে যাকাত ওয়াজিব হয়? ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেনঃ দু’শো বা ততোধিক পরিমাণ দিরহাম হলে তাতে যাকাত ওয়াজিব হয়। লোকটি বলল হজ্জ কিসে ওয়াজিব হয়? ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেনঃ পাথেয় এবং যানবাহনের ব্যবস্থা হলে। আবদ ইবন হুমায়দ (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইবন উমায়ায়না প্রমুখ (রহঃ) এ হাদীসটিকে আবু জানাব-যাহাহক-ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য হিসাবে বর্ণনা করেছেন। তারা এটিকে মারফরূপে বর্ণনা করেন নি। এ রেওয়ায়াতটি আবদুর রাযযাক (রহঃ) এর রেওয়ায়াত থেকে (৩৩১৬ নং) অধিক সহীহ। আবু জানাব কাসসাব (রহঃ) এর নাম হল ইয়াহইয়া ইবন আবু হায়যা। তিনি হাদীস বর্ণনার ক্ষেত্রে শক্তিশালী নন।

ছবি বানান